রাফিনিয়ার উরুতে চোট, ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে নতুন শঙ্কা
হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেও ব্রাজিল শিবিরে উদ্বেগ। ফরোয়ার্ড রাফিনিয়া প্রথমার্ধে ডান উরুর পেছনের মাংসপেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। ভিনিসিয়ুস জুনিয়র আশঙ্কা প্রকাশ করেছেন, এটি আগের মতো একই হ্যামস্ট্রিং সমস্যা হতে পারে।
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল স্বস্তি পেলেও সেই জয়ের রাতেই বড় দুশ্চিন্তায় পড়েছে সেলেসাও শিবির। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান দিক দিয়ে আক্রমণে ওঠার সময় রাফিনিয়া অস্বস্তি অনুভব করেন এবং মাঠ ছাড়তে বাধ্য হন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে তুলে নামান তরুণ রায়ানকে।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস জুনিয়র সংবাদিকদের বলেন, রাফিনিয়ার চোটে তাঁর খারাপ লাগছে এবং মনে হচ্ছে এটি আগেরবারের মতো একই সমস্যা হতে পারে। তিনি আশা করেছেন চোট গুরুতর হবে না। এই উদ্বেগের কারণ, ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কয়েক দফা মাঠের বাইরে থাকতে হয়েছিল রাফিনিয়াকে। মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি, যার জন্য প্রায় পাঁচ সপ্তাহ মাঠে থাকতে হয়েছিল।
ব্রাজিল এখন তাঁর পরীক্ষার ফলের অপেক্ষায়। সামান্য টান হলে কয়েক দিনের বিশ্রামে সমস্যা মিটতে পারে, কিন্তু মাংসপেশির গুরুতর চোট ধরা পড়লে বিশ্বকাপের বাকি পথ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হবে। বিশ্বকাপে দলের সদস্য সংখ্যা চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন নতুন বদলি ডাকার সুযোগ নেই।
রাফিনিয়া আনচেলত্তির দলে শুধু ডান প্রান্তের উইঙ্গার নন, প্রেসিং, ভেতরে ঢুকে খেলা, সেট-পিস এবং ভিনিসিয়ুসের বিপরীত প্রান্তে ভারসাম্য তৈরির গুরুত্বপূর্ণ অংশ। নেইমার এখনো কাফ চোট থেকে সম্পূর্ণ সুস্থ নন। এমন অবস্থায় রাফিনিয়ার চোট ব্রাজিলের আক্রমণ পরিকল্পনায় বড় ধাক্কা।
গ্রুপ 'সি'-তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল সুবিধাজনক অবস্থানে আছে। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। রাফিনিয়া না থাকলে রায়ান, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লুইজ হেনরিক বা এন্দ্রিকদের মধ্যে কাকে কোন ভূমিকায় ব্যবহার করবেন, সেই পরিকল্পনাও ভাবতে হবে।