ফেনীতে ট্রেনের ইঞ্জিনে আগুন, সাড়ে ৩ ঘণ্টা আটকে থাকায় ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে
ফেনী রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে থাকে। এ ঘটনায় অন্তত ৮০০ যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন এনে সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
গতকাল শনিবার সকালে ফেনী জংশন রেলওয়ে স্টেশনে একটি উদ্বেগজনক ঘটনা ঘটে। চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২২ মিনিটের দিকে ফেনী স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরীক্ষা করে দেখা যায় ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি রয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেনটিকে স্টেশনের ডাউন লাইনে আটকে রাখা হয়। এই দীর্ঘ সময় আটকে থাকায় শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েন। অনেকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন, আবার কেউ কেউ জরুরি প্রয়োজনে সড়কপথে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করেন। যাত্রী শাহ আলম জানান, ইঞ্জিনে সমস্যা হওয়ায় ট্রেনটি আটকে পড়ে এবং কখন যাত্রা শুরু হবে তা নিশ্চিত না হওয়ায় তিনি সড়কপথে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্য যাত্রী মরিয়ম আক্তার বলেন, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, বিকল ইঞ্জিনের পরিবর্তে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হয়। পরে সেটি সংযুক্ত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তবে একটি লাইনে ট্রেনটি আটকে থাকলেও বাকি দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।