স্বাস্থ্য খাতে বিশাল উদ্যোগ: আগামী ৩-৪ বছরে ১ লাখ নতুন কর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ
সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে আগামী তিন থেকে চার বছরে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে চিকিৎসাব্যবস্থাকে 'ট্রিটমেন্ট সেন্ট্রিক' থেকে 'প্রিভেনশন সেন্ট্রিক' বা প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার রোববার (২১ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত সাংবাদিকদের ব্রিফিংকালে এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট এবং প্রতিটি শহুরে ওয়ার্ডে একই ধরনের ইউনিট গড়ে তোলা হবে। এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা থাকবে এবং অন্তত দুজন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন। বর্তমানে সরকারি পর্যায়ে মাত্র আড়াই থেকে তিন হাজার মিডওয়াইফ রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এ সংকট কাটিয়ে উঠতে আগামী এক বছরের মধ্যেই মোট লক্ষ্যমাত্রার অন্তত এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের চেষ্টা করা হবে। বর্তমানে ৩০ থেকে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সেখানে জটিল প্রসব ও নবজাতকের নিবিড় সেবাসহ পূর্ণাঙ্গ মাতৃসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে প্রায় ৪১ থেকে ৪২ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছেন। নতুন এক লাখ কর্মী যুক্ত হলে মোট সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছাবে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যাসিস্ট্যান্ট, পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সিএইচসিপিদের সমন্বয় করে একক কাঠামোয় আনা হবে এবং নতুন এ কাঠামোর কর্মীদের 'কমিউনিটি হেলথ ওয়ার্কার' নামে পরিচিত করার পরিকল্পনা রয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোকে 'স্বাস্থ্য হাব'-এ রূপান্তর করা হবে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে প্রায় ৪৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্প অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া ও নোয়াখালী—এই পাঁচ জেলায় পাইলট কার্যক্রম শুরু হবে। সেখানে ডিজিটাল স্বাস্থ্য কার্ড, সমন্বিত রোগী ব্যবস্থাপনা ও রেফারেল ব্যবস্থাও পরীক্ষামূলকভাবে চালু করা হবে। প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।