সব সংবাদ
ফেনী

অ্যাম্বুলেন্সে বিদেশি মদ পাচারের চেষ্টা: ফেনীতে চালকসহ দুজন গ্রেপ্তার

ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অ্যাম্বুলেন্সের পাঁচটি কার্টন থেকে ১১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।

ফেনী জেলার পরশুরাম উপজেলায় অ্যাম্বুলেন্সে করে বিদেশি মদ পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাম্বুলেন্সচালক জসিম উদ্দিন (৫১) এবং তাঁর সহযোগী মিনহাজুর রহমান (২১)। জসিম উদ্দিন পরশুরাম উপজেলার পশ্চিম সাহেব নগর গ্রামের চৌধুরী বাড়ির আশরাফ আলীর ছেলে এবং মিনহাজুর রহমান পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। শনিবার সকালে উপজেলার আঞ্চলিক সড়কের সমিতি রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের পাঁচটি কার্টনে থাকা ১১৭ বোতল মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। অ্যাম্বুলেন্সটি পরশুরাম ক্লিনিকের এবং এতে 'পরশুরাম ক্লিনিক অ্যাম্বুলেন্স সার্ভিস' লেখা ছিল। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সে করে ঢাকায় মদ পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে তারা অভিযান চালায়। পরশুরাম ক্লিনিকের কর্ণধার নবী চৌধুরী জানান, সকালে উপজেলার হাসপাতাল রোডের 'গীতা মেডিসিন শপ' নামের ফার্মেসির মালিক অ্যাম্বুলেন্সচালকের কাছে কাচের জিনিস বলে কয়েকটি কার্টন ফেনী পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। ঘটনার পর থেকে গীতা মেডিসিন শপ বন্ধ রয়েছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সে করে অভিনব কৌশলে মাদক পাচারের সময় আটক দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর মধ্যে অজ্ঞাত আসামি দুজন, গ্রেপ্তার দুজন ও আরেকজন ঢাকার একজন ব্যক্তি। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।