সব সংবাদ
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যাচ্ছেন। ২১ জুন কুয়ালালাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এই সফরে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যাচ্ছেন। রোববার (২১ জুন) কুয়ালালাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে তিনি পাঁচ দিনের সফরে সোমবার চীনে যাবেন।

শনিবার (২০ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের বিস্তারিত তুলে ধরতে একটি কার্টেন রেইজারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

এই সফরের প্রতি বিশেষ নজর রাখছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। কার্টেন রেইজার শেষ হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর মন্ত্রণালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ ছাড়া, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও নিকোলাস উইকসও মন্ত্রণালয়ে আসেন।

এদিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি এখনো রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেননি।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ থেকে বেরিয়ে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিজয়ের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই সাক্ষাত্কারকে রুটিন সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীনের সঙ্গে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে আলোচনায় বাংলাদেশের তিস্তা প্রকল্প আলোচনায় থাকার কথাও বলেছেন তিনি।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতার জেরে উদীয়মান পরাশক্তি চীনের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র সরকার।

২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। ২২ জুন চীনের দালিয়ানে গিয়ে পরের দুদিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বিভিন্ন আয়োজনে যোগ দেবেন তিনি। ২৪ থেকে ২৬ জুন বেইজিং সফর করবেন তারেক রহমান। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং শেষদিন চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।