সব সংবাদ
ফেনী

ফেসবুক প্রেমে ওমান প্রবাসীর বাড়ি গেলেন তরুণী, ২০ হাজার টাকা নিয়ে ফিরলেন

নীলফামারীর এক তরুণী ফেসবুকের মাধ্যমে পরিচিত ওমান প্রবাসী আরিফ হোসেনের বাড়িতে গিয়ে অবস্থান নেন। পরিবার তালা দিয়ে ঘর ছেড়ে যাওয়ায় তরুণী বাইরে অপেক্ষায় থাকেন। পরে ২০ হাজার টাকা নিয়ে তিনি নিজের বাড়িতে ফিরে যান।

ফেনীর সোনাগাজীতে ফেসবুকের মেসেঞ্জারে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী যুবক আরিফ হোসেনের বাড়িতে অবস্থান নেন নীলফামারী জেলার এক তরুণী (২২)। গত তিন বছর আগে আরিফ জীবিকার তাগিদে ওমান যান। এক বছর আগে ফেসবুকের মেসেঞ্জারে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস পূর্বে আরিফ দুই মাসের ছুটিতে দেশে আসেন। তরুণী ১৫ দিন আগে তার সঙ্গে দেখা করতে ফেনীতে আসেন। যুবক তাকে দেখে পছন্দ না করায় তার পিতার বাড়িতে সৈয়দপুর দিয়ে পাঠিয়ে দেন। এরপর আরিফ তার ফেসবুক আইডি ও মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বন্ধ করে দেন। পরে শিবু নামে এক যুবকের কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রেমিকের বাড়িতে ওঠেন ওই তরুণী। তিনি ঘরে ঢুকতে চাইলে আরিফ ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। ১৬ জুন রাত ১১টা থেকে ওই তরুণী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির ঘরের সামনে অবস্থান নেন। পুলিশ খবর পেয়ে এসআই তপু আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। তরুণীকে পাহারা দেওয়ার জন্য স্থানীয় গ্রামপুলিশকে নির্দেশ দেন। যুবকের মা নারগিস আক্তার তরুণীকে হানি ট্র্যাপের সদস্য ও প্রতারক আখ্যা দিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহায়তায় ওই তরুণীকে ২০ হাজার টাকা নগদ প্রদান করলে তিনি নিজ বাড়িতে চলে যান। তরুণী অভিযোগ করে বলেন, বিয়ের কথা বলে ওই যুবক তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছে, কিন্তু তাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহানা করছেন।