ফেনীতে মাদকবিরোধী কর্মশালায় জেলা প্রশাসকের আহ্বান: শিক্ষকদের এগিয়ে আসতে হবে
ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, মাদক দেশকে পঙ্গু করে দিচ্ছে এবং দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। সীমান্তবর্তী ফেনীতে মাদকের ছড়াছড়ি রোধে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে এগিয়ে আসতে হবে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশ নেন।
মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশকে রক্ষার জন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক প্রতিনিধিদের নিয়ে একটি মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে এবং প্রতিদিনই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। যুবসমাজের একটি বড় অংশ মাদকে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাদকে আসক্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এজন্য মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, ফেনী একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের ছড়াছড়ি বেশি, তাই সকলকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতার মাধ্যমে সমাজে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনীস্থ বিজিবির সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কোট পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাসির উদ্দীন আশরাফী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়াসহ বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।