ফেনীতে ফল মেলায় শতাধিক দেশী-বিদেশী ফলের প্রদর্শনী
ফেনী সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ফল মেলায় ৮টি স্টলে শতাধিক দেশী ও বিদেশী জাতের ফল প্রদর্শনী করা হয়। জেলা প্রশাসক মনিরা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
ফেনীতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি ফল মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আতিক উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন এবং ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মেলায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মাসুদ হোসেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। ৮টি স্টলে শতাধিক দেশী ও বিদেশী জাতের বিভিন্ন ফলের প্রদর্শনী করা হয়। জেলা প্রশাসক মনিরা হক তার বক্তব্যে বলেন, দেশীয় ফলের উৎপাদন বাড়াতে আমাদেরকে আরো বেশি করে ফলজ গাছের চারা রোপণ করতে হবে এবং যত্ন নিতে হবে। তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনায় পতিত জায়গায় আবাদের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে যেকোনো পরামর্শের জন্য কৃষি বিভাগ কৃষকদের পাশে থাকবে।