সব সংবাদ
জাতীয়

৬৪ জেলায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করছে সরকার

পুলিশের নৈতিক মনোবল পুনঃপ্রতিষ্ঠা ও জনআস্থা বিনির্মাণে সরকার ৬৪ জেলায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের পরিকল্পনা করেছে। এজন্য প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের নৈতিক মনোবল পুনঃপ্রতিষ্ঠা ও জনআস্থা বিনির্মাণে ৬৪ জেলায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছে। কমিউনিটি পুলিশ স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করবে, যার ফলে পুলিশের মনোবল ও জনগণের আস্থা পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।

এজন্য ট্রেনিং ও মোটিভেশনে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পুলিশিং কমিটি গঠনে ২ কোটি টাকা এবং পুলিশের মোটিভেশন ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

৬ মাসের মধ্যে ৬৬৪টি থানায় মোট ৩ হাজার ৯৮৪টি উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে সাইবার, মাদক ও অন্যান্য অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

ঢাকাসহ সারা দেশের ৭২টি পুলিশ ইউনিটের মাধ্যমে ৬ মাসে ৪৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এতে যানজট ও সড়ক দুর্ঘটনা কমবে বলে ধারণা করা হচ্ছে।

র্যাবের ১৫টি ব্যাটালিয়নের সদস্যদের জন্য ২৭০টি মোটিভেশনাল সেশন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে র্যাব সদস্যদের মনোবল পুনঃপ্রতিষ্ঠিত হবে।

৬৪ জেলার ৬৪টি সদর থানা ও ৮টি মেট্রোপলিটন পুলিশের ৮টি কোতোয়ালি থানার ২ হাজার ১৬০ জন পুলিশ সদস্যকে ৫ দিনের ইন-সার্ভিস প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি বিষয়ে ৯০০ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

নারীবান্ধব পুলিশিং জোরদার করতে ৮টি বিভাগীয় শহরে নারী পুলিশ সদস্যদের সন্তানের জন্য ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক সেবাপ্রার্থীদের জন্য ৬৪টি সদর থানার সংশ্লিষ্ট ডেস্ককে মডেল ডেস্কে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ জন পুলিশ সদস্যকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হবে। এছাড়া পুলিশ সদস্যদের মতামতের ভিত্তিতে পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধু প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে জনআস্থা পুরোপুরি ফিরে আসবে না। জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং মানবাধিকার মেনে আচরণ নিশ্চিত করতে হবে।