সব সংবাদ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পদত্যাগের পথে

ব্রিটিশ পত্রিকা অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগ করতে পারেন। তবে সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তার সরকারের দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।

গত কয়েক মাস ধরে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে ছিল। গত শুক্রবার (২০ জুন) এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এদিন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পান। ফলে তিনি লেবার পার্টির দলীয় প্রধান স্টারমারের নেতৃত্বের ওপর চ্যালেঞ্জ জানাতে পারবেন।

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে স্টারমার আলোচনা করেছেন। সোমবারের মধ্যে তার কাছ থেকে একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

এর আগে গত শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের ওপর যদি কোনো চ্যালেঞ্জ আসে তাহলে তিনি তার বিরুদ্ধে লড়াই করবেন। এছাড়া তিনি দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন, নিজেদের মধ্যে লড়াই করে দলকে যেন ছিন্নভিন্ন না করা হয়।

২০২৪ সালে লেবার পার্টি স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পায়। কিন্তু দুই বছর যেতে না যেতেই তার জনপ্রিয়তা কমে গেছে। ভোটাররা মনে করছেন, তাদের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি স্টারমার দিয়েছিলেন সেটি পূরণ করতে পারবেন না তিনি।