ইরান হরমুজ প্রণালি বন্ধ করার পর লেবাননে সামরিক অভিযান স্থগিত করল ইসরাইল
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন। এর আগে ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেয়। সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন। ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২ এই তথ্য জানিয়েছে। তবে বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে বা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সামরিক কমান্ড জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরানি সামরিক কর্তৃপক্ষ একে 'প্রথম ধাপের প্রতিক্রিয়া' হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ১২১ জনের বেশি।